পাঁচ তারকা হোটেলগুলোতে দেশি-বিদেশি খাবারের আয়োজন

রমজান উপলক্ষে রাজকীয় ইফতারের পসরা বসছে রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলোতে। প্রতিদিনের বুফে ইফতারিসহ ডিনারে থাকছে দেশি-বিদেশি অভিজাত খাবার। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্যছাড় দিচ্ছে হোটেলগুলো।

সারাদিন রোজা রাখার পর ভালো খাবারে ইফতারির চেষ্টায় কমতি রাখেন না কেউ। চাহিদা মাথায় রেখে দেশি-বিদেশি খাবারের পসরা বসে নামি-দামি হোটেল-রেস্তোরাঁয়। পিছিয়ে নেই পাঁচ তারকা হোটেলগুলো।

কয়েক বছর আগেও মূলত সমাজের উচ্চবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এসব হোটেলের ইফতার আয়োজন। এখন মধ্যবিত্তরাও আসছেন বুফে ইফতারিসহ ডিনারের স্বাদ নিতে।

বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে খাবারের প্যাকেজে মূলছাড় দিচ্ছে হোটেলগুলো। ৪ থেকে ৭ হাজার টাকার প্যাকেজে খেতে পারেন চার জন।

রাজধানীর পাঁচতারকা হোটেলগুলোর বুফেতে মিলছে দেশি-বিদেশি ২ শতাধিক খাবার। আকর্ষণ বাড়াতে অনেক জায়গায় খাবার প্রস্তুত হয় ক্রেতার সামনেই।

ইফতারির পর ডিনারের জন্য বিরিয়ানি, কাবাব, কারি, বিফ, চিকেন, ফিশ ফ্রাইয়ের পাশাপাশি বিভিন্ন বিদেশি খাবারের সঙ্গে ফ্রুট সালাদ রাখছে হোটেলগুলো। ডেজার্টে প্রধান্য পাচ্ছে আইসক্রিম, দই, মিষ্টর মতো পদ।

বিশেষ পদ ও বেশি মূল্যছাড় পেতে আগে-ভাগেই বুকিং দেয়ার পরামর্শ দিচ্ছে পাঁচতারকা হোটেলগুলো।

/এন-এইচ/