ঈদে রাস্তায় নামছে পুরোনো, ফিটনেসবিহীন, লক্কর-ঝক্কর বাস

ঈদ সামনে রেখে পুরোনো, লক্কর-ঝক্কর ও দুর্ঘটনার শিকার বাস মেরামত করে রাস্তায় নামানোর চেষ্টা চলছে। রঙ লাগিয়ে চেহারা বদল করা হচ্ছে এসব বাসের। তড়িঘড়ি করে মেরামত করা গাড়ির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামলে বাড়বে দুর্ঘটনার ঝুঁকি।

গাবতলীর আশপাশের গ্যারেজগুলোতে এখন ভীষণ ব্যস্ততা। বাস মেরামতে দিন-রাত পরিশ্রম করছেন শ্রমিকেরা।

ঈদ সামনে রেখে মেরামত হচ্ছে এসব বাস। এর মধ্যে অনেক গাড়িই বেশ পুরোনো, লক্কর-ঝক্কর অবস্থা। আবার কোনোটি পড়েছিল বড় দুর্ঘটনায়। ভাঙা-চোরা অংশ ঝালাই ও রংয়ের প্রলেপ দিয়ে চলছে রাস্তায় নামানোর চেষ্টা।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি ঈদের আগে-পরেই দুর্ঘটনায় প্রাণহানি বাড়ে সড়কে। এসব দুর্ঘটনার কারণগুলোর অন্যতম ফিটনেসবিহীন গাড়ির চলাচল। ঈদ উপলক্ষে তড়িঘড়ি করে মেরামত করা গাড়ি চলাচলের কতটা উপযোগী তা নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে।

হাইওয়ে পুলিশ বলছে, ঈদে ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে চলাচল করতে না পারে সেজন্য সতর্ক তারা। এজন্য প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানো হবে।

সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি প্রায়ই বিকল হয়ে সড়কে যানজট তৈরি করে ফিটনেসবিহীন গাড়ি। তাই রাস্তায় নামার আগে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষায় জোর দেয়ার পরামর্শ তাদের।

/এম-আই/