বঙ্গবন্ধু মেডিকেলের নিয়োগ পরীক্ষা বাতিল হবে না: উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নিয়োগে কোনো অনিয়ম হয়নি, তাই পরীক্ষা বাতিলের সুযোগ নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির উপাচার্য ডাক্তার কনক কান্তি বড়ুয়া। নিয়োগ জটিলতা নিয়ে সিনেট কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি। এদিকে, মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার উপাচার্যের কার্যালয়ের সামনে ১ ঘণ্টা অবস্থানের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নিয়োগে দুর্নীতির অভিযোগে আন্দোলন করছে প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ে কর্মরত চিকিৎসকদের একাংশ। তাদের অভিযোগ, লিখিত পরীক্ষায় স্বজনপ্রীতি, প্রশ্নফাঁস ও বিভিন্ন অনিয়ম হয়েছে। আর এ নিয়ে প্রতিবাদ করায় তাদের ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ।

মামলা প্রত্যাহার ও লিখিত পরীক্ষার ফল বাতিলের দাবি আন্দোলনকারীদের। তবে প্রতিষ্ঠানটির উপাচার্যের দাবী, নিয়োগ পরীক্ষায় কোনো দুর্নীতি হয়নি। তাই পরীক্ষা বাতিলের সুযোগও নেই। ১১ মে বিশৃঙ্খলার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়।

২২ মার্চ মেডিকেল অফিসার নিয়োগের লিখিত পরীক্ষা হয়। পরীক্ষায় ৮শ জন উত্তীর্ণ হয়।

//আরএইচ//