ইসির দেয়া ভোটের হিসাবেই একাদশ সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক- সুজন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বর্তমান কমিশনের বিরুদ্ধের ব্যবস্থা নেয়ার দাবিও সংগঠনটির। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সুজন।
একাদশ সংসদ নির্বাচনের পরপরই ব্যাপক কারচুপির অভিযোগ তোলে ঐক্যফ্রন্টসহ কয়েকটি দল। সম্প্রতি জাতীয় নির্বাচনে কেন্দ্রভিত্তিক ভোটের ফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে, ১০৩টি নির্বাচনী আসনের ২১৩টি কেন্দ্রেই শতভাগ ভোট পড়েছে। ১৪টি আসনের সব কেন্দ্রেই ভোট পড়েছে ৯০ থেকে ৯৯ দশমিক নয়-নয় ভাগ ভোট। এমন কেন্দ্রের সংখ্যা সাত হাজার ৬৮৯টি।
কমিশনের এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে সুশাসনের জন্য নাগরিক- সুজন।
বর্তমান কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করা হয় সংবাদ সম্মেলনে। নিরপেক্ষ নির্বাচনের জন্য স্বাধীন ও শক্তিশালী ইসি গঠনের দাবিও জানানো হয়েছে।
রাজনৈতিক সদিচ্ছা ছাড়া নিরপেক্ষা নির্বাচন কমিশন গঠন সম্ভব নয় বলেও মনে করছে সুজন।
/এইচ.এ/