কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর অস্থায়ী হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। যদিও আনুষ্ঠানিকভাবে হাট বসতে আরও একদিন বাকি। তবে ব্যাপারীরা বলছেন, ঝক্কি এড়াতে দূর-দূরান্ত থেকে আগেভাগেই নিয়ে আসছেন তারা। বিক্রি শুরু হলে ভালো ব্যবসার আশা হাট সংশ্লিষ্টদের।
রাত ১টা রাজধানীর তেজগাঁও এলাকার সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের চিত্র। দেশের নানা প্রান্ত থেকে একে একে আসছে কোরবানির পশু বোঝাই ট্রাক।
হাটে বিক্রি শুরু হবে বুধবার থেকে। তবে আগেভাগেই বিক্রেতারা পছন্দের জায়গা দখলে নিয়ে সারছেন প্রাথমিক প্রস্তুতি। পশুকে খাওয়ানোর জন্য রাখাছেন শুকনা খাবার। বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য সংগ্রহ করছেন প্রয়োজনীয় সরঞ্জাম।
হাট প্রস্তুতির এই কর্মযজ্ঞ সারা রাতজুড়ে। প্রস্তুত করা হচ্ছে স্বেচ্ছা সেবকদের। সুযোগ-সুবিধা জানিয়ে চলে মাইকিং। হাট সংশ্লিষ্টরা বলছেন, এখন থেকে প্রতিদিনই বাড়বে পশুবাহী ট্রাকের সংখ্যা। কোরবানির আগের রাত পর্যন্ত চলবে বেচাকেনা।
কোরবানির পশু কেনাবেচায় এবার রাজধানীর ২৪টি হাটের জায়গা নির্ধারণ করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন।
/এম-আই/