ইউসেপ বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা

সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য পরিচালিত ইউসেপ বাংলাদেশের বিদ্যালয়গুলোর এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাশের হার ৯৮.১৭%, যেখানে জাতীয়ভাবে পাশের হার ৭২.২৪%।এই বিদ্যালয়গুলোতে এবর মেয়ে শিক্ষার্থীদের পাশের হার ৯৯ ভাগ। প্রতিষ্ঠানটি থেকে মোট ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩২১ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ৫ পেয়েছে ২৫১ জন।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রশংসনীয় ফলাফলের জন্য ইউসেপের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত এই শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার মিরপুরে ইউসেপ কার্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোরাদ হোসেন মোল্লা বলেন, দেশে যে পরিমাণ দক্ষ কর্মীর চাহিদা রয়েছে সেই তুলনায় তৈরি হচ্ছে না। ইউসেপ বাংলাদেশ এই কাজটি বহুদিন ধরে সাফল্যের সঙ্গে করে আসছে।

বিশেষ অতিথির বক্তব্যে ইএমকে সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক আসিফ উদ্দিন আহমেদ বলেন, এ দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের শতকরা ৪১ ভাগের কোনো চাকরি, শিক্ষা এমনকি দক্ষতার কোন প্রশিক্ষন নেই। এ অবস্থায় তরুণ বাংলাদেশিরা বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির অন্যতম বসবাসকারী হওয়া সত্ত্বেও একটি অনিশ্চিত ও নিরাপত্তাহীন ভবিষ্যতের মুখোমুখি হচ্ছে।এ অবস্থায় ইউসেপ বাংলাদেশের তরুণদের জন্য বিশেষ করে সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের জন্য কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে, যা খুবই ইতিবাচক।

ইউসেপ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. ইকবাল হোসেন ও পরিচালক মহুয়া রশিদ।

অনুষ্ঠানের শুরুতে ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশনা করেন। শোকের মাস হিসেবে ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অতিথিদের বক্তব্য ও শুভেচ্ছা প্রদান শেষে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে প্রধান অতিথি ক্রেস্ট বিতরণ করেন। সবশেষে ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করেন।

/এম-আই/