সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
নিরাপদ খাদ্য ও কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ খবর। সেখানে ব্ক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত এবং এই আইন বাস্তবায়ন করতে জনগণকে সচেতন করার পরামর্শ দেন। তারা বলেন, খাদ্য উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে রান্নাঘর পর্যন্ত সকল প্রক্রিয়ায় নিরাপত্তা
নিশ্চিত করতে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। খাদ্যমন্ত্রী ড: আব্দুর রাজ্জাক বলেন, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছে, কিন্তু নিরাপদ খাদ্যে পিছিয়ে রয়েছে বলেও স্বীকার করেন তিনি। আর এই লক্ষ্য অর্জনে যার যার অবস্থান থেকে জনগণকে সচেতন করার দায়িত্ব পালন করার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। নিরাপদ খাদ্য নিশ্চিতে বিজ্ঞানসম্মত নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা দীর্ঘমেয়াদি জটিল প্রক্রিয়া, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে এ কাজ সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব না। তবে সবাই একজোট হয়ে কাজ করলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা অসম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
/এমবি/