কাকরাইলে পিকআপের ধাক্কায় রিক্সারোহী মা নিহত, ছেলে আহত

রাজধানীর কাকরাইলে পিকআপের ধাক্কায় মারা গেছেন মাসুদা আক্তার নামে এক নারী। গুরতর আহত ছেলে মাহিম ভর্তি আছেন হাসপাতালে। এঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। অভিযুক্ত চালককে শনাক্তে কাজ করছে পুলিশ।

বরিশালের চরলক্ষ্মীপুরের বাসিন্দা মাসুদা বেগম ও তার ছোট ছেলে মাহিম ভোরে লঞ্চে আসেন সদরঘাটে। সেখানে থেকে রিকশায় মধুবাগের বাসায় ফিরছিলেন তারা। কাকরাইল মোড়ে ভোর সাড়ে ৬টার দিকে এসএ পরিবহনের পিকআপের ধ্ক্কায় ছিটকে যায় তাদের রিকশা। এতে সেখানেই মারা যান মাসুদা।

পরে পথচারীরা মাহিমকে নিয়ে যায় ঢাকা মেডিক‌েলে। পরে সেখান থেকে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। এখন তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আর মাসুদার মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। রমনা থানায় মামলা করেছে মাহিমের বাবা মোফাজ্জেল হোসেন।

পুলিশ বলছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে গাড়ি শনাক্তের কাজ চলছে।

তবে এ ঘটনার পর খোঁজ মেলেনি মাসুদা ও মাহিকে বহন করার রিকশার চালকের।

/এইচ.এ/