ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে সোমবার দুপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক পথচারীও আহত হন। নিহত তিন শ্রমিকের গ্রামের বাড়িই চাপাইনবাবগঞ্জে।

ধানমন্ডি-৩২ নম্বর এলাকার মাস্টার মাইন্ড স্কুল সংলগ্ন এই বহুতল ভবন নির্মাণে কাজ করছিলেন একাধিক নির্মাণ শ্রমিক। ঝুলন্ত মাচায় দাঁড়িয়ে ভবনের ১০ তলার বেলকুনি অংশের কাজ করছিলেন তিন জন। এ সময় মাচাটি ভেঙে গেলে তারা তিন জনই নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ বছর যুবক শরিফুলের। এ সময় আহত ২ শ্রমিক ও এক পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী।

দুর্ঘটনার সময় ভবনটির নিচে কয়েকজন ভ্যান চালক ওই ভবনের নির্মাণ সামগ্রী নিয়েই অপক্ষেমান ছিলেন। অল্পের জন্য রক্ষা পান তারা।

ভবনের সামনে সাইনবোর্ডে রাজউকের দেয়া তথ্য বলছে, প্রায় ৭ কাঠা জমির উপর নির্মানাধীন ১০ তলা এ ভবনের মালিক মো. শাহিন। ইঞ্জিনিয়ার ফজলুল কাদেরের তত্বাবধায়নে মালিকের নিজ উদ্যোগে চলছে নির্মাণকাজ।

তিন শ্রমিক মৃত্যুর নিয়ে ঘটনাস্থলে টহলরত পুলিশ তাতক্ষণিক প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।


/এম-আই/