ডিবিসি নিউজের বারী আত্মহত্যা করেছেন, দাবি পুলিশের

ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা সহকারী আবদুল বারীকে হত্যার কোনো আলামত মেলেনি। প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা করছে পুলিশ। শনিবার বিকালে সাংবাদিকদের এই তথ্য জানান ডিবির উপ-কমিশনার মশিউর রহমান।

এসময় ডিবি জানায়, সিসিটিভি ফুটেজ ও ফোন-কল যাচাই-বাছাই এবং ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার আলামত পাওয়া যায়নি। তবে, ঢাকা মেডিকেলের ময়নাতদন্ত ও সিআইডির ফরেনসিক রিপোর্ট আসলে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।

ডিবির উপ-কমিশনার মশিউর রহমান বলেন, ঘটনার রাতে আবদুল বারী দেড় ঘন্টা উদ্দেশ্যেহীনভাবে হেঁটেছেন। এক পর্যায়ে নিজেই মহাখালীর টিবি গেইট এলাকার একটি দোকান থেকে একটি ছুরি কিনেছেন। ঘটনাস্থলে থেকেই একই রকম ছুরি উদ্ধার হয়েছে। তার শরীরের আঘাতের চিহ্ন বিশ্লেষণ করে এটাকে আত্মহত্যাই মনে হয়েছে।

এছাড়া ব্যক্তিগত জীবনেও সে শারিরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল। এসব বিষয় পর্যালোচনা করে বারির ঘটনাটি হত্যা নয় আত্মহত্যা হিসেবেই প্রাথমিকভাবে ধারণা করছি বলে জানান তিনি। তবে, ঢাকা মেডিকেলের ময়নাতদন্ত রিপোর্ট ও সিআইডির ফরেনসিক রিপোর্ট আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, গত ৮ জুন সকালে হাতিরঝিলে পুলিশ প্লাজার উল্টো দিকের সড়ক থেকে আবদুল বারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।

/জে পি/