মেট্রোরেলের সমন্বিত পরীক্ষামূলক চলাচল সেপ্টেম্বরে

পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেট্রোরেলের সমন্বিত পরীক্ষামূলক চলাচল। এই কার্যক্রমের মাধ্যমে কন্ট্রোল রুমের সঙ্গে ট্রেনের যোগাযোগ রক্ষাসহ অন্যান্য বিষয় সমন্বয় করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

এসময় তিনি জানান, মেট্রোরেল সার্বক্ষণিকভাবে চালু রাখতে ৪ উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিকল্প হিসেবে থাকবে জেনারেটর।

শিগগিরই বৈদ্যুতিক ট্রেনের সেবা পাবে রাজধানীর মানুষ। ডিসেম্বর থেকে মেট্রোরেল চালুর প্রস্তুতি চলছে জোরেশোরে।

প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, আগামী মাসে শুরু হচ্ছে রেলের সমন্বিত পরীক্ষামূলক চলাচল। ট্রেন প্রতিটি স্টেশনে কতক্ষণ থামবে, কন্ট্রোল রুমের সঙ্গে কিভাবে যোগাযোগ স্থাপন হবে, একাধিক ট্রেনের সময়সূচী নিয়ন্ত্রণসহ সব খুঁটিনাটি বিষয় নির্ধারণ হবে এর মাধ্যমে। এর পরের ধাপে যাত্রীছাড়াই শিডিউল অনুযায়ী ট্রেন চলাচলের মাধ্যমে পূর্নাঙ্গ কার্যক্রম সমন্বয় করা হবে।

প্রাথমিকভাবে দশটি ট্রেন প্রতি ১০ মিনিট পরপর আসা-যাওয়া করবে। নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিতে গ্রিডের বিদুৎ ছাড়াও প্রতিটি স্টেশনে থাকবে একাধিক শক্তিশালী জেনারেটর। এ বছরের শেষে চালু হতে যাওয়া উত্তরা থেকে আগারগাঁও রুটের এমআরটি লাইন সিক্সের সবশেষ অগ্রগতি ৯৩.৮৬ ভাগ।