আজিমপুরে উদ্ধার গৃহকর্মীর মরদেহে আঘাতের চিহ্ন, জিজ্ঞাসাবাদ আইনজীবীকে

রাজধানীর আজিমপুরে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অ্যাডভোকেট মিজানুর রহমান ও তার স্ত্রী নুরুন্নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। মিজানুর একে আত্মহত্যা বললেও আঘাতের চিহ্ন থাকায়, হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

আজিপুরের চায়না বিল্ডিং সড়কের ১২১ নম্বর বাড়ি। ৫ তলার এই ফ্ল্যাটে ভাড়া থাকেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিজানুর রহমান। বুধবার দুপুরে গৃহকর্মী মাজেদাকে তালাবদ্ধ রেখে সপরিবারে বাইরে খেতে যান তিনি। বাসায় ফিরে ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে ফোনে জানান, মাজেদা আত্মহত্যা করেছে।

পরে পুলিশ এসে মাজেদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে তার মাথায় পাওয়া গেছে আঘাতের চিহ্ন।

গৃহকর্তা মিজানুর রহমান একে আত্মহত্যা বললেও, একমত নন প্রতিবেশীরা। তারা বলছে, প্রায়ই গৃহকর্মীকে শারীরিকভাবে আঘাত করার শব্দ পাওয়া যেত। মাথার আঘাত ও রক্তের অস্তিত্ব নির্যাতনেরই ইঙ্গিত বহন করে।

মরদেহ ঝুলন্ত অবস্থায় পেলেও মাথায় আঘাত থাকায়, পুলিশ বলছে, ময়নাতদন্তের আগে এ নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যাবে না।

মধ্যবয়সী মাজেদার বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। এখন তার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে।

/এম.এস/