ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার। আগুন ছড়িয়ে পড়েছে বঙ্গবাজারের পাশে এনেক্সকো ভবনে। ভোর থেকেই নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। যোগ দিয়েছেন সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যরাও।
এ সময় মার্কেট থেকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন ব্যবসায়ীরা। ক্ষুব্ধ হয়ে ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছেন সাত জন।
দাউ দাউ করে জ্বলছে আগুন। এর ভয়াবহতা কতোটা এই লেলিহান শিখা তারই জানান দিচ্ছে।
সেহরির পর পরই আগুন লাগে রাজধানীর বঙ্গবাজার মার্কেটে। ৬টা ১০ মিনিটে খবর পাওয়ার দুই মিনিটের মধ্যেই পোঁছায় ফায়ার সাভিস। একে একে যোগ দেয় অর্ধশতাধিক ইউনিট। অংশ নেন সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি, আনসার সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আশেপাশে জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে চরম বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনের তীব্রতা ও ধোঁয়ায় তৈরি হয় বাড়তি প্রতিবন্ধকতা। হেলিকপ্টার থেকেও ছিটানো হয় পানি।
আগুনের সূত্রপাত মার্কেটের ভেতরে হলেও দ্রুতই ছড়িয়ে পড়ে পাশের এনেক্সকো টাওয়ার, বরিশাল মার্কেট এবং ইসলামিয়া সুপার মার্কেটেও।
এ সময় ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে চোখের সামনে আগুনে সব পুড়ে যেতে দেখে ব্যবসায়ীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
এদিকে এক পর্যায়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা ও ভাংচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
/এম.এস/