রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন ৩ তলা নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে ৪ দোকান কর্মচারী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- বায়েজিদ, শাহ আলম, লিমন ও কামাল হোসেন।
আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দিয়েছে ১০ প্লাটুন বিজিবি। তবে ৩ ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসের সহায়তায় নিউমার্কেটে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রয়েছে নৌ বাহিনীও। বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দলও যুক্ত হয়েছে। আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
এদিকে, আগুনের খবর পেয়ে ভোরেই মার্কেটের ব্যবসায়ীরা ভিড় করেছেন সেখানে। মার্কেটের নিচের দিকে থাকা দোকানগুলো থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন তারা।
/এ.এইচ/