ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রযোজনা সহকারী রাকিবুল রানাকে কুপিয়ে জখমের ঘটনায় ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এই ঘটনায় ব্যবহৃত চাপাতি।
আগারগাঁওয়ে ঢাকার জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রানাকে দেখতে এসে আজ মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এ সময় কমিশনার ফারুক বলেন, পুলিশের পক্ষ থেকে রানার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।
ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত চাপাতি-মোটরসাইকেল জব্দ করা হয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক দুজনের নাম সোহেল এবং ইউসুফ। এদের একজন পাঠাও চালক এবং আরেক জন ইলেকট্রিশিয়ান। তবে তাদের মূল পেশা ছিনতাই। রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগরীতে ছিনতাই রোধে কাজ করছে পুলিশ উল্লেখ করে কমিশনার বলেন, এখন পর্যন্ত বিশেষ অভিযানে প্রায় ৫০০-এর অধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আর ঈদের এই কয়েকদিনে দেড়শ ছিনতাইকারী আটক করেছে পুলিশ।
এদিকে পঙ্গু হাসপাতালের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, রানার আরেকটি অপারেশন করতে হবে। অবস্থা আশংকাজনক না হলেও পুরোপুরি সুস্থ্য হতে আরও কিছুদিন সময় লাগবে।
ঈদের দিন ছিনতাইয়ের ঘটনায় ৩৭ জন ও এর পরদিন ১৭ জন আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান এই চিকিৎসক।
গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে (২৯ জুন) বিটিভি অফিসের সামনে ছিনতাইয়ের শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রযোজনা সহকারী রাকিবুল রানা। ছিনতাইকারীরা তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ ও আরেক ব্যক্তির মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয়। চাপাতি দিয়ে রানার মাথায় তিনটি আঘাত করে। আঘাত করে তাঁর দুই হাত ও পায়ে।