মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে আশরাফুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। আজ সোমবার বিকেলে তাঁদের আটক করা হয়। আটকদের কাছ থেকে ৩২ পুরিয়া (৩ গ্রাম) হেরাইন উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক আশরাফুল ইসলাম মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আফসার উদ্দীনের ছেলে ও সবুজ হোসেন (২৩) সদর উপজেলার রাইপুর গ্রামের মঞ্জু শেখের ছেলে।
বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দীন জানান, কাটাতারের এপারে বিষ্টুগঞ্জ নামের একটি ভারতীয় গ্রাম রয়েছে। সেই গ্রাম থেকে হেরোইন নিয়ে কয়েকজন মাদক কারবারি বাংলাদেশে ঢুকছে– এমন সংবাদের ভিত্তিতে বাজিতপুর ক্যাম্পের বিজিব সদস্যদের একটি দল অবস্থান নেয়। সীমান্তের মেইন ১২০ নং পিলার হয়ে ঐ মাদক কারবারিরা একটি মোটরসাইকেলযোগে বাজিতপুর গ্রামের পাকারাস্তার উপরে উঠলে বিজিবি তাদের গতিরোধ করে। এ সময় আটক করা হয় পুলিশ সদস্য আশরাফুল ইসলাম ও তাঁর সহযোগী সবুজ হোসেনকে। সবুজের শরীরে তল্লাশী চালিয়ে ৩২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন তিন গ্রাম। জব্দ করা হয় একটি হোন্ডা মোটরসাইকেল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, আসামি আশরাফুল ইসলাম একজন পুলিশ সদস্য। তিনি ঢাকা মেট্রপলিটন কোর্টে কর্মরত রয়েছেন। তবে তিনি সাসপেন্ড আছেন বলে দাবি করেছেন।