যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

যশোরের চৌগাছায় আনিছুর রহমান নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চৌগাছার জগন্নাথপুর গ্রামে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। 

নিহতের ভাই আশিকুর রহমান বলেন, ‘রাতে স্থানীয় চায়ের দোকানে বসে চা পান করছিলেন আনিছুর। এ সময় লেন্টু, হাদী, আমিনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় রাতেই তাকে যশোর সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

নিহত আনিছুরের বড় ভাই চৌগাছার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসা হোসেনকে ২০০২ সালে একই সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছিল বলে দাবি করেন আশিকুর রহমান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আজ দুপুরের মধ্যেই ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।