যশোরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোরের কেশবপুরে তারেক সরদার (২৫) নামে এক যুবককে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরীঘোনা এলাকার বিলের মধ্যে থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তারেক সরদার পেশায় টিউবওয়েল মিস্ত্রি ছিলেন। তিনি গৌরিঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে।

কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন শরিফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে স্থানীয় বুড়িভদ্রা নদীলাগোয়া বিলের ভেতর তারেকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠায়।

খাঁন শরিফুল ইসলাম আরও জানান, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।