বেনাপোল স্থলবন্দর দিয়ে দীর্ঘ ৩ মাস পর ভারত থেকে ৪টি চালানে ৫১০ টন (নন বাসমতি) সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্র্যাফিক) মো. শামীম হোসেন।
আমদানিকৃত চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাসের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
মো. শামীম হোসেন জানান, আমদানিকৃত চাল প্রতিকেজি বেনাপোল বন্দর পর্যন্ত পৌঁছাতে খরচ পড়েছে ৫০ টাকা। খোলা বাজারে এ চাল কেজিতে বিক্রয় হবে ৫১ থেকে ৫৩ টাকা দরে।
আমদানি–রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টরা জানায়, শুল্কমুক্ত কোটায় চাল আনে আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোলের হাজী মুসা করিম অ্যান্ড সন্স। চাল ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মের্সাস ভূইয়া এন্টারপ্রাইজ।
গতকাল মঙ্গলবার রাতে ১৪টি ট্রাকে আমদানি করা চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইর্য়াডে প্রবেশ করে। আজ বন্দর থেকে চাল খালাস নিয়ে দেশের অভ্যন্তরে পাঠানো হবে বলে জানায় বন্দর ব্যবহারকারীরা।
বন্দর সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে এই বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ টন। গত ১৮ জানুয়ারি পুনরায় ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে দুই লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। আমদানির জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৩ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমদানিকৃত চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে।
প্রসঙ্গত, দেশের বাজারে দাম কমাতে শুল্কমুক্ত সুবিধায় কাস্টমস থেকে ছাড়ের সুবিধা দিয়েছে সরকার।