ঈদের ছুটি: সীমান্তে আটকা পড়ল হাজারো ট্রাক

ঈদুল ফিতর, শবে কদর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা সাত দিন বন্ধের কবলে পড়েছে স্থলবন্দর বেনাপোল। ফলে ভারতের পেট্রাপোল ও বেনাপোলে বন্দর এলাকায় আটকা পড়েছে দুই দেশের হাজারও পণ্যবাহী ট্রাক। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

বন্দর ও কাষ্টম সংশ্লিষ্টরা ঈদের ছুটি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে টানা সাত দিন ছুটির ফাঁদে বন্দর। তবে জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে খালি ট্রাক ফিরে গেলেও হয়নি আমদানি-রপ্তানি। বন্ধে আটকে পড়া পণ্যবাহী ট্রাকে গুনতে হবে লোকসান। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বন্দর ব্যবহাকারীরা।

ব্যবহারকারীরা বলছেন, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানি করা পণ্যের ৮০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। টানা ছুটিতে রাজস্ব আয় কমবে প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, ঈদের ছুটিতে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে কাস্টমসের সঙ্গে সমন্বয় করে সীমিত আকারে খোলা রাখা হবে। কোনো আমদানিকারক পণ্য ডেলিভারি নিতে চাইলে দেওয়া হবে। ছুটি শেষে ২৪ মার্চ মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।

বন্দর ব্যবহারকারীরা ছুটিতে থাকায় আমদানি-রপ্তানির বিষয়টি সস্পর্কে কিছু জানাতে পারেনি বন্দর সংশ্লিষ্টরা।
ঈদের সময়ে যাতে আইনশৃঙ্খলা রক্ষায় বন্দর সীমান্তসহ শার্শা ও বেনাপোলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাসহ নিরাপত্তা পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানান এএসপি আরিফ হোসেন।