যশোরের মনিরামপুরে নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার শরমপুর গ্রাম এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইমামুল হোসেন। তিনি শরমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার নিহত ইমামুল হোসেনের নাতনিকে ইভটিজিং করে রাব্বি নামের এক যুবক। বিষয়টি নিয়ে এলাকায় সালিস বিচারও হয়। এ ঘটনার পর সোমবার রাতে শরমপুর গ্রামে পাওনা টাকা আনতে গেলে রাব্বির সাথে আবারো বিবাদে জড়িয়ে পড়েন ইমামুল।
একপর্যায়ে রাব্বির নেতৃত্বে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাহুল দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।