ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিযে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ৬ জন নারী ও ৪৪ জন পুরুষ রয়েছে। 

রোববার রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্ট বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ৬ মাস থেকে দুই বছর কারাভোগ শেষে দেশে ফেরেন তারা।

ফেরত আসা নারী-পুরুষেরা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল সাতক্ষীরা ,নড়াইল, ঝিনাইদহ এবং চাঁদপুর জেলার বাসিন্দা।

ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, দালালের মাধ্যমে ভালো কাজের প্রলোভনে দুই বছর আগে ভারতের তামিল নাড়ু ও কেরালায় যান তারা। সেখানে বাসা-বাড়িতে, গার্মেন্টসে এবং ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তকদের আটক করে আদালতে পাঠায়। ৬ মাস থেকে দুই  বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।

ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদেরকে শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায়  বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেন তারা দেশে ফেরায় খুশি বলে জানান স্বজন ও আগতরা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের যশোর সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।