ভারতে যাওয়ার সময় বেনাপোলে সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। 

পুলিশ ও ইমিগ্রেশন সংশ্লিষ্টরা জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে ভারতে প্রবেশকালে শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। 

বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে শাহরিয়ার করিম ইমিগ্রেশনে গেলে কার্যক্রম সম্পন্ন করতে নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় তার নাম ইমিগ্রেশন স্টপ লিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ঝিনাইদহ থানার করা একটি মামলা বিচারাধীন রয়েছে। এ কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপ লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, গ্রেপ্তার শাহরিয়ার করিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম বাস্তবায়নের জন্য ঝিনাইদহ থানা পুলিশে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ এলে তাদের কাছে সোপর্দ করা হবে।