যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে খাজুরা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, যুবদল নেতা রুবেল হোসেন পেট্রোল পাম্পের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক ঘটনাস্থলে আসে। এরপর সেখানে থাকা আরও এক যুবকসহ তিনজন মিলে রুবেল হোসেনকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এতে গুরুতর জখম হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।