মেয়ের বেপরোয়া আচরণের প্রতিবাদে যশোরে সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় জামায়াত আমিরের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে বিক্ষোভকারীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ২ ঘণ্টা বিক্ষোভ করে।
পুলিশ ও বিক্ষুদ্ধরা জানায়, সোমবার যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা আল মাদ্রাসাতুল শারইয়্যাহর শিশু শিক্ষার্থীদের মারধর করেন। সকালে ফের শিশু ও অভিভাবকদের ওপর চড়াও হন তিনি। এসময় এক অভিভাবকে তালা দিয়ে মাথায় আঘাত করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবক ও স্থানীয়রা। পরে তারা সংঘবদ্ধ হয়ে এমপির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ইটপাটকেল ছুড়ে জানালার গ্লাস ভেঙে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর এমপি গোলাম রসুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে তার মেয়ে মানসিক ভারসাম্যহীন ও চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন বলে দাবি করেন।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এমপির পরিবারের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। উভয়পক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হয়েছে।