কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব, বাবার ধারালো অস্ত্রের আঘাতে মেয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাবার ধারালো অস্ত্রের আঘাতে মর্জিনা খাতুন (৩৫) নামে নারীর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে মেয়েকে হত্যা করেন বাবা আজিবার মণ্ডল।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে দামুড়হুদায় বাঘাডাঙ্গা এ ঘটনা ঘটে।

আজ রোববার সকালে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আলমগীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

মর্জিনা খাতুন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার আজিবার মণ্ডলের মেয়ে।

ওসি জানান, শনিবার সন্ধ্যা ঋণের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে বাবা-মেয়ের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে রাত ১ টার দিকে ঘরের শিকল খুলে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বাবা আজিবার মণ্ডল। এরপর বাড়ির পাশের একটি গর্তে মর্জিনা খাতুনকে ফেলে দেন তিনি।

এ সময় মর্জিনার চিৎকার শুরু করলে তার রেকসোনা এগিয়ে এলে তাঁকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আজিবার। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আজিবার মণ্ডল।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আলমগীর কবীর জানান, অভিযুক্ত বাবাকে ধরতে বিভিন্ন স্থানে পুলিশি অভিযান চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।