যশোরে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপির কালো পতাকা মিছিল

যশোরে শুক্রবার পুলিশের বাঁধা উপেক্ষা করে কালো পতাকা মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি এ মিছিলের আয়োজন করে।

দুপুর ২টার দিকে শহরের লালদীঘিস্থ বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে গেলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করেই স্লোগান দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হয় বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের মাইকপট্টি, চৌরাস্তা ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, ‘এ সরকারের হাতে যেমন গণতন্ত্র নিরাপদ নয়, তেমন জনগণের জানমালেরও নিরাপত্তা  নেই। তাদের হাতে দেশের স্বাধীনতাও নিরাপদ নয়।’

এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।