বিএনপি পাপের খেসারত দিচ্ছে, আর আওয়ামী লীগ তার সুফল ভোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ রোববার সকাল ১১টায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ক্ষমতায় থাকতে ও ক্ষমতার বাইরেও বিএনপি নানান অপকর্ম করেছে; দুর্নীতি, সন্ত্রাসী ও লুটপাট করেছে। এসব কারণেই আজ বিএনপি তার খেসারত দিচ্ছে। আর আওয়ামী লীগ তার সুফল ভোগ করছে। আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে বলেই টানা চারবার ক্ষমতায় এসেছে। আমরা বিএনপিকে নিয়ে ভাবছি না। আমাদের এখন একটাই লক্ষ্য, সেটা হলো—মানুষ শেখ হাসিনার ওপর আবারও আস্থা রেখেছে, তার প্রতিফলন হিসেবে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখা। দেশকে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘দ্রব্যমূল্য কমাতে সরকার বদ্ধপরিকর। এ জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
মিয়ানমার সীমান্ত প্রসঙ্গে হানিফ বলেন, ‘ইতিমধ্যে মিয়ানমারকে সতর্ক করা হয়েছে। বিএনপির অভিযোগ নিয়ে না ভেবে দেশের ভালোর জন্য যা যা করারম সবই করা হবে।’
সম্প্রতি কারাগারে বিএনপির নেতা–কর্মী মারা যাওয়ার বিষয়ে বিএনপির করা অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, ‘কারাগারে যারা আছেন তাঁরা সন্ত্রাসী, তাঁদেরকে নেতা–কর্মী বলা যাবে না। কারাগারে মানুষ মারা যেতেই পারে। তবে কোনো অবহেলায় কেউ মারা গেলে, সে বিষয়ে সরকার ব্যবস্থা নেবে।’
এ সময় কলেজের নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন হানিফ। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যরা বক্তব্য রাখেন। পরে কলেজের শেখ রাসেল মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।