খুলনার পাইকগাছায় এক গৃহবধূর (৪৫) চোখে-মুখে আঠা ও হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে আজ সোমবার সকালে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান, রোববার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মই দিয়ে ছাদে উঠে সিঁড়ির দরজা শাবল দিয়ে ভেঙে বাড়িতে প্রবেশ ঢোকে। স্বামী ব্যবসার কাজে বাইরে থাকায় ভুক্তভোগী তখন একাই বাড়িতে ছিলেন। পরে দুর্বৃত্তরা গৃহবধূর হাত-পা বেঁধে ও চোখ-মুখে আঠা, মুখে টেপ লাগিয়ে ধর্ষণ করে।
এ সময় বাড়ি থেকে এক জোড়া সোনার কানের দুল ও আনুমানিক ২ লাখ টাকা খোয়া গেছে বলেও পুলিশকে জানিয়েছেন পরিবারে সদস্যরা। পুলিশ কর্মকর্তা ওবাইদুর জানান, পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁর স্বামীকে খবর দেয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওবাইদুর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনা ঘটেছে কি না তা এখনই বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।’
এ ঘটনায় এখনও মামলা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।