ঝিনাইদহের কালীগঞ্জে একটি চারতলা ভবনে আগুন লেগে সোমা ব্যার্নাজি নামে এক স্কুলশিক্ষিকা দগ্ধ হয়েছেন। আজ রোববার বিকাল সাড়ে ৪টার দিকে চারতলা ভবনের নিচতলায় আগুন লাগে। সেখানে পুরনো টায়ার ও সরিষার তেল মজুত ছিল।
আহত সোমা ব্যার্নাজি স্কুলশিক্ষিকা। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যশোর ২৫০ বেড হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার হাত, পা ও মুখ পুড়ে গেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুন অর রশীদ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। তাদের সঙ্গে ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকে আসা ২টি ইউনিট যোগ দেয়। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মামুন অর রশীদ আরও জানান, ভবনের দ্বিতীয়তলায় কৃষি ব্যাংক, তৃতীয় ও চতুর্থতলা আবাসিক। আগুন লাগার পন পুরো ভবন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ভবনের লোকজন ছাদে আশ্রয় নেয়।