নড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যানকে গুলি দুর্বৃত্তদের

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে (৪৮) গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন।  

জানা গেছে, মোস্তফা কামাল মোটরসাইকেলে করে মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা এলাকার সমির সিকদারের বাড়ির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘পুলিশ ঘটনাস্থালে রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে।’