কুষ্টিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে দুজনের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার বিকেল পৌনে ৫টায় উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এর মধ্যে মো. আক্তারকে (৩৫) ১৫ দিন এবং সুমন শেখকে (২৮) ১০ দিনের কারাদণ্ড দেন আদালত। 

আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় আদালত পরিচালনায় সহযোগিতা করে কুমারখালী থানা-পুলিশ।

দণ্ড পাওয়া মো. আক্তার উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের ছবেদ আলী মণ্ডলের ছেলে। আর সুমন শেখ একই এলাকার জামির শেখের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আক্তারকে ১৫ দিন এবং সমুনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।