মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। আজ রোববার রাত ১০টার দিকে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে এ অভিযোগপাত্র জমা দেওয়া হয়।
অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন। অভিযোগপত্রে মামলার ৪ আসামিকেই অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়াও আছিয়ার বোন জামাই সজিব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন জখমের ভয়তীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনায় মামলাটি হওয়ার সাথে সাথেই জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের কিছু চৌকস সদস্যদেরকে নিয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়। সার্বক্ষণিকভাবে এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে তাঁরা সাহায্য করে আসছিলেন।
তিনি বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই মামলার পুলিশ রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে। এ মামলার এজহারনামীয় চার আসামির সবার নামে বিভিন্ন ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, গত পহেলা মার্চ বোনের শ্বশুরবাড়ি মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে এলে ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়।
এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার ৮ মার্চ বাদী হয়ে চারজনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।