মেহেরপুরের কাথুলী-কুতুবপুর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া কৃষক ইকবাল হোসেনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কাথুলী সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭) বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মোর্শেদ রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭) বিজিবির অধিনায়ক জানান, কৃষক ইকবালকে আটকের পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছিল। পরে গভীর রাতে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান এবং প্রতিপক্ষ ৫৬ বিএসএফের রাউথবাড়ি ক্যাম্প কমান্ডার এসি আনোছ কুমার উভয় দেশের নেতৃত্বে ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে সীমান্ত আইন, চোরাচালান প্রতিরোধ এবং শৃঙ্খলা বজার রাখার বিষয়ে আলোচনা হয়। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একমত পোষণ করেন উভয় পক্ষের কমান্ডার বৃন্দ। সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতে অনুপ্রবেশের দায়ে তাঁকে গাংনী থানায় মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, বিজিবির মামলার আসামি হিসেবে ইকবাল হোসেনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।