চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কাঠমিস্ত্রি নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সোহেল হোসেন (৪৫) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে কোনো এক সময় রকেট মেইল ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন লাইনের সিগন্যাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা হয়।

নিহত সোহেল আলমডাঙ্গা পৌর এলাকার সোহাগ মোড়ের নেপাল আলীর ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গতকাল সোমবার রাতেও তিনি মাদক সেবনের উদ্দেশ্যে রেলস্টেশন এলাকায় যান। দুর্ঘটনার পর তার ব্যাগে ইনজেকশন পাওয়া গেছে, যা মাদকসেবনের আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘আলমডাঙ্গা রেলস্টেশনের ডাউন লাইনে সোহেল নামের এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’