দীঘলিয়ায় একই স্থানে বিএনপির দু-পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

খুলনার দীঘলিয়া একই স্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি থাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, খুলনা জেলা বিএনপির সদস্যসচিব আবু হোসেন বাবুর বাড়িতে ককটেল হামলার প্রতিবাদে আজ বিকেলে পথের বাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। একই সময়ে বিএনপি নেতা ও খুলনা-০৪ আসনে মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের মতবিনিময় সভার কর্মসূচি ছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে স্থানীয় পর্যায়ে অসন্তোষ বিরাজ করছিল। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

ইউএনও আরিফুল ইসলাম বলেন, একই দলের দুই গ্রুপের একই সময়ে একই স্থানে কর্মসূচি থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে ১০টা পর্যন্ত মিছিল, মিটিং, পদযাত্রা বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মিন্টু ও বিএনপি নেতা পারভেজ মল্লিকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তাঁরা রিসিভ করেননি।