মেহেরপুরে বাঁশবাগান থেকে নবজাতক উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার একটি বাঁশবাগানের ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতাল মেহেরপুরে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সড়কের পাশের বাঁশবাগানের ঝোপের মধ্যে শিশুর কান্নার শব্দ শুনে কৌহতুল বশত কয়েকজন কাছে গিয়ে শিশুটিকে দেখতে পায়। শিশুটি জীবিত থাকায় দ্রুত তাকে সেখানে থেকে তুলে নিয়ে আসে গৃহবধূ ববিতা খাতুন। শিশুটি পরিস্কার করে নিজের কাছে রাখেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, শিশুটিকে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।