কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর কাছে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪০) ও এএসআই কায়েজ আলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লালন শাহ সেতুর কুষ্টিয়া সাইডে এ ঘটনা ঘটে।
নিহত দুই পুলিশ কর্মকর্তা ঈশ্বরদী থানায় ডিএসবিতে কর্মরত ছিলেন। ১৬ ডিসেম্বর উপলক্ষে বিশেষ নিরাপত্তা ডিউটিতে তাঁরা লালন শাহ সেতু এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, কেপিআই এলাকায় মোটরসাইকেলে পুলিশের এই দুই কর্মকর্তা নিরাপত্তা ডিউটিতে ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। খবর পেয়ে পাবনা এবং কুষ্টিয়া জেলা পুলিশ মরদেহ উদ্ধার করে ভেড়ামারা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, কাভার্ডভ্যানটি শনাক্ত করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।