মাগুরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনসহ চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ এ ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা জানান, মাগুরা-১ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী কুতুবউল্লা হোসেন মিয়া (কুটি) এবং গণফোরামের প্রার্থী মিজানুর রহমান।
অন্যদিকে মাগুরা-২ আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই শেষে দুইজন প্রার্থীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন–জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম হোসেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সাবেক এপিএস।
রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্রে ১০ জন ভোটারের শনাক্তকারীর স্বাক্ষরের মধ্যে একজন মৃত ব্যক্তির নামে স্বাক্ষর পাওয়া গেছে। এছাড়া ৭ জন ভোটার তথ্য যাচাইয়ের সময় জানান, তারা স্বাক্ষর করেননি। আরেকজন ভোটার তালিকায় পাওয়া যায়নি এবং অপর একজন স্বাক্ষর প্রদান করেছেন বলে জানান। তাছাড়া মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাস্টার্স পাস উল্লেখ থাকলেও তিনি স্নাতক (গ্র্যাজুয়েশন) সার্টিফিকেট দাখিল করেছেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা উপস্থিত প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি পড়ে শোনান এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।