মাগুরায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে সদর উপজেলার ইছাখাদা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার পাকাকাঞ্চনপুর গ্রামের আকিদুল ইসলাম ভোরের দিকে ইছাখাদা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে আটক করে গরু চোর সন্দেহে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার দাবি করেছে, আকিদুল ইসলাম ভোরে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পূর্বশত্রুতার জের ধরে তাকে গরু চোর সাজিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিবার আরও জানিয়েছে, নিহত আকিদুল তিন বছর সাইপ্রাসে ছিলেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গণপিটুনির পর কয়েকজন ব্যক্তি তার সঙ্গে সেলফি তোলেন এবং পরে তার চুল ন্যাড়া করে দেওয়া হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, সদর উপজেলার আঠারখাদা এলাকায় ভোরে একটি গরু চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে স্থানীয়রা আকিদুল ইসলামকে আটক করে গণপিটুনি দেয়। বর্তমানে তার মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।