বাগেরহাটের ডিসি-এসপিকে ফোনে হুমকি

বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোন করে হুমকি দেওয়া হয়েছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করার পর হুমকি দেওয়া হয়।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল করে হুমকি দেওয়ার একটি ক্লিপ ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র নিশ্চিত করেছে।

অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পর থেকে অপর প্রান্ত থেকে গালাগাল করে বলা হয়, ‘এই...কী করছস, সাদ্দামের লগে কী করছস...।’ তবে পুলিশ সুপারকে কিছু বলারই সুযোগ দেওয়া হয়নি।

হুমকি দিয়ে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি বলেন, কিছু ফোন কল পেয়েছেন। কারা এগুলো করছে, তা খতিয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার সকাল থেকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দিয়ে ফোন কল পেয়েছেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও।

এ বিষয়ে ডিসি বলেন, ‘এটা অনভিপ্রেত। আমি এটা নিয়ে মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে, সেখানে প্রশাসন সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে তাদের পাশে ছিল। যেই হন, কিছু বট নম্বর দিয়ে হয়ত এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’