কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের সামনে মিলল ১০ বোমা সাদৃশ্য বস্তু

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোটকেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২০ গজ দূরে (পশ্চিম) অবস্থিত হাইব্রিড ঘাস খেত থেকে এসব উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার ঘেঁষে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বাজার ঘেঁষে স্থানীয় মতিন মাস্টারের নেপিয়ার ঘাস খেত। সেখানে দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান প্রস্রাব করতে যান। সেসময় তিনি মুখ বাঁধা দুটি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে সেখানে উৎসুক জনতা ভিড় করে। তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী কর্মকর্তা ও সদস্যরা ছুটে আসে। তারা দুটি ব্যাগ থেকে লাল টেপ পেঁচানো ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে। 

এদিকে ভোটের আগের দিন কেন্দ্রের মাত্র ২০ গজ দূর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করায় আতঙ্কিত এলাকাবাসী। তারা নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে।

দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, বানিয়াকান্দি বাজার সড়কের ওপর কয়েকটি পাত্রে (বালতি) রাখা রয়েছে বোমা সাদৃশ্য বস্তু। সেখানে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর অর্ধশতাধিক সদস্য কাজ করছে। আশপাশে ভিড় করেছেন উৎসুক জনতা।

এ সময় রাজমিস্ত্রি ফরিদ খান বলেন, ‘ঘাসের ভেতরে প্রসাব করতে গিয়ে মুখ বাঁধা একটি ব্যাগ দেখে ভয় পেয়ে স্থানীয়দের খবর দেই। পরে কয়েকজন এসে আরও একটি ব্যাগ দেখে প্রশাসনকে খবর দেয়।’

স্থানীয় বাসিন্দা ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহিন বলেন, ‘ভোটে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এমন অপকর্ম করেছে। এতে আতঙ্কিত এলাকাবাসী ও ভোটাররা। আরও জোরদার নিরাপত্তার দাবি জানাই।’

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে বানিয়াকান্দি ভোট কেন্দ্রের সামনে থেকে দুটি ব্যাগ থেকে ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে বস্তুগুলো। এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান।’