বাগেরহাটে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, স্বতন্ত্রসহ ১০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাগেরহাট-১ আসনে চারজন, বাগেরহাট-২ আসনে একজন, বাগেরহাট-৩ আসনে তিনজন এবং বাগেরহাট-৪ আসনে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। প্রাপ্ত ভোটের ন্যূনতম ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিধান রয়েছে নির্বাচন কমিশনের।

তারা হলেন—বাগেরহাট-১ আসনে জাতীয় পার্টির স. ম. গোলাম সরোয়ার (ভোট ৫৭১), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর আব্দুর সবুর শেখ (ভোট ১৬৭), বাংলাদেশ মুসলিম লীগের এম. ডি. শামসুল হক (ভোট ২৪২) এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মো. আমিনুল ইসলাম (ভোট ২৯১)।

বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. এইচ. সেলিম (ভোট ৪২৫), ইসলামী আন্দোলনের শেখ জিল্লুর রহমান (ভোট ৩৬৪০) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মো. হাবিবুর রহমান মাস্টার (ভোট ৩৪৯)।

বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন (ভোট ২২৯), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মো. আব্দুল লতিফ খান (ভোট ৩১৫) এবং জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি (ভোট ১১৪৭)।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু আনছার জানান, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ জন প্রার্থী মোট প্রাপ্ত ভোটের ন্যূনতম ১২ শতাংশ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বাগেরহাটের চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।