নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার সিংড়া শোলপুর এলাকার বড়কূলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া।
এ ঘটনায় নিহতরা হলেন– উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।
স্থানীয়রা জানান, সেহরির পর ওই এলাকার খয়ের মোল্লার লোকজন খলিল শেখের লোকজনের ওপর আক্রমণ চালায়। এ ঘটনায় খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ, তাদের পক্ষের প্রতিবেশী ফেরদৌস ও প্রতিপক্ষের ওসিবুর মিয়া মারা যান।
এদিকে ঘটনার পর নড়াইল জেলা পুলিশ সুপার আল মামুন সিকদার ও সেনাবাহিনী ঘটনাস্থল পৌঁছায়। এ নিয়ে বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।