তেলের জন্য পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার ঘটনায় অভিযুক্ত আটক

নড়াইলের তুলারামপুরে তানভীর ফিলিং ও গ্যাস স্টেশনে তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার বিকেলে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা থেকে তাকে আটক করা হয়।

এদিকে, নাহিদ সরদারের সঙ্গে থাকা সহকর্মী আহত জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার দিনগত রাত ২টায় সদর উপজেলার নড়াইল যশোর সড়কের তুলারামপুরে অবস্থিত তানভীর ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা হয়।

নিহত পাম্প ম্যানেজার নাহিদ সরদার (৩০) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। আহত জিহাদুল ইসলাম তুলারামপুর গ্রামের জহুরুল মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী এবং পাম্পের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে ওই পাম্পে তেল নিতে যান অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলী। তিনি সিরিয়াল ভেঙে তাকে তেল দেওয়ার জন্য বলেন। কিন্তু পাম্পের ম্যানেজার নাহিদ ও কর্মী জিহাদুল লাইনে থেকে তেল নেওয়ার জন্য বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ট্রাকচালক তাদের হত্যার হুমকিও দেন।

রাত ২টার দিকে ওই ট্রাকচালক তেল পাওয়ার আগেই পাম্পের তেল শেষ হয়ে যায়। এতে তিনি আরও ক্ষিপ্ত হন। ২টা ১০ মিনিটের দিকে নাহিদ ও জিহাদুল পাম্প থেকে বের হওয়ার সময় অভিযুক্ত ট্রাকচালক তাদের চাপা দিয়ে পালিয়ে যান।

আহত নাহিদ ও জিহাদুলকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তানভীর ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার জসীম উদ্দিন বলেন, ‘গতকাল রাতে সুজাত নামের এক ট্রাকচালক স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ম্যানেজার নাহিদ সরদারের সঙ্গে ট্রাকচালকের বাকবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে চালক প্রকাশ্যে ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। পাম্পের কাজ শেষ করে নাহিদ তার সহযোগীকে নিয়ে যখন বাড়ি যাচ্ছিলেন, তখন পিছন দিয়ে গিয়ে তাকে ট্রাক চাপা দেয়।’

পাম্পের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বাকবিতণ্ডার পর ওই পাম্পেই অবস্থান করছিল ট্রাকচালক। দিনগত রাত ২টা ১০ মিনিটে পাম্পের কাজ শেষ করে নিজ বাড়ি উদ্দেশ্য রওনা মোটরসাইকেল যোগে হয় নাহিদ ও জিহাদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে৷

এ ঘটনায় নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনের হাহাজারি আর শোকের মাতম।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, ‘অভিযুক্ত ট্রাকটিকে বেনাপোল এলাকা থেকে জব্দ করা হয়েছে।’  

এদিকে, স্টেশন ম্যানেজার নাহিদ সরদার হত্যার ঘটনায় শোক জানিয়ে নড়াইল পেট্রোল পাম্প মালিক সমিতি আওতাভুক্ত বেশ কয়েকটি পাম্প সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ রাখে।

নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, ‘নিহত নাহিদ সরদারের চাচা পাম্প মালিক মো. রবিউল ইসলাম ট্রাকচালক সুজাত আলী মোল্লাকে প্রধান আসামি করে নড়াইল সদর থানায় বিকেলে একটি হত্যা মামলা দায়ের করেন।’

যশোর র‍্যাব–৬ এর কোম্পানি কোম্পানির মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত আলী মোল্লাকে যশোরের বাঘারপাড়া থেকে আটক করা হয়েছে।’