প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবেশীকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য দলাদলির জেরে প্রতিবেশী সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ৪ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এই রায় দিয়েছেন। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলো— মো. আসাদুল প্রামানিক ওরফে কালু, মো. আবু তাহের, মো. হাবিল হোসেন ও মো. মিলন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী পিপি খন্দকার সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী ও আদালত সুত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর মিরপুর থানার গিয়াস মোড় থেকে বাজার করে ফেরার পথে নিখোঁজ হন সাহাবুল ইসলাম। পরদিন সকালে বুরাপাড়া প্রাইমারি স্কুলের পেছনে একটি ধইঞ্চা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশি তদন্তে বেরিয়ে আসে, আসামিরা গ্রাম্য দলাদলির কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে সাহাবুলকে শ্বাসরোধ করে হত্যা করে।

বিচারক তার রায়ে উল্লেখ করেন, আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ১৭ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আবু তাহের ব্যতীত বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিল। এসময় আদালতে উপস্থিত ছিলেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. এনামুল হক।