খুলনার সড়কে প্রাণ ঝরল খুবি শিক্ষার্থী মৌমিতার

খুলনায় প্রাইভেট কার ও রিকশার মধ্যে সংঘর্ষে মৌমিতা হালদার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার  দিকে খুলনা মহানগরীর কেডিঘোষ রোডস্ত খুলনা জেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা হয়। নিহত মৌমিতা নগরী মুন্সিপাড়া তরুণ হালদারের মেয়ে।

খুলনা সদর থানা পুলিশের এসআই দেবব্রত বিশ্বাস বলেন, 'মৌমিতা রাত ৮টার দিকে তার বাবার সঙ্গে নগরীর ডাকবাংলো মোড় থেকে কেডিঘোষ রোড দিয়ে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে মুন্সীপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময়ে দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে শিক্ষার্থী মৌমিতা হালদার ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথা ও ঘাড়ে আঘাত পান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'