মাগুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার 

মাগুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর খেত থেকে লিমা খাতুন নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামের মাঠ থেকে লিমা খাতুন নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লিমা বড় উদাস গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে ও ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে গ্রামের সুজন মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বড় উদাশ গ্রামের মাঠে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পরিবারের সদস্যরা গিয়ে তার পরিচয় শনাক্ত করার পর পুলিশ মরদেহ উদ্ধার করে।
লিমা খাতুন বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তিনি নিখোজ ছিলেন। পুলিশের প্রথামিক ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ওই গৃহবধূ মঙ্গলবার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে উপজেলার বড় উদাসপুর গ্রামে যান। পরে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে বুধবার দুপুরে ওই গ্রামের একটি খেতে তাঁর মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।