মাগুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর মাঠ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামের মাঠ থেকে লিমা খাতুন নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বড় উদাশ গ্রামের মাঠে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পরিবারের সদস্যরা এসে পরিচয় শনাক্ত করলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
লিমা খাতুন বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। নিহত লিমা বড় উদাস গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে ও ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
এ বিষয়ে মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘দুপুরে এলাকাবাসী মরদেহটি স্থানীয় একটি ক্ষেতে দেখতে পায়। পরে আমাদের পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে।’
ওসি আরও বলেন, ‘উদ্ধার হওয়া গৃহবধূ মঙ্গলবার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে উপজেলার বড় উদাসপুর গ্রামে আসেন। পরে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে বুধবার দুপুরে ওই গ্রামের একটি ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’