যশোরে চুরির অভিযোগ তুলে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

যশোরের অভয়নগরে ইজিবাইক চুরির অভিযোগে ফারুক হোসেন (৩০) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নওয়াপাড়ার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

ফারুক হোসেন কেশবপুর উপজেলার আনছার উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইজিবাইক চুরির সন্দেহে মঙ্গলবার দুপুরে ফারুককে আটক করে এলাকাবাসী। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে অভয়নগর থানা-পুলিশ ফারুককে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ৬ এপ্রিল চলিশিয়া এলাকার শরিফুল ইসলামের ইজিবাইক চুরি হয়। সেই ঘটনায় ফারুককে অভিযুক্ত করে গণপিটুনির ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ।